দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে একদল ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে।
সাব্বির খান জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।
এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন তাঁর মুঠোফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট এবং সংগঠনের পদ-পদবি-সংক্রান্ত তথ্য পেয়ে তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন সাব্বির।
তিনি অভিযোগ করেন, তাঁকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।
সাব্বিরের দাবি, একপর্যায়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান তিনি। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা শহরের সিও অফিস চত্বর থেকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গোপালগঞ্জে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এমএস/